আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটিতে অংশগ্রহণ করলো না ভারত। নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলির আনা প্রস্তাবে যে ভোটাভুটি অনুষ্ঠিত হয় তাতে ভারত অংশ গ্রহণ করেছে না বলে জানিয়ে দেয় ভারতের প্রতিনিধি।
রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। তবে ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহীও ভোটাভুটিতে অংশ গ্রহণ করেনি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি স্বাভাবিক ভাবেই পাশ হয়নি।
নিরাপত্তা পরিষদে ভারতের প্রতিনিধি তিরুমূর্তি বলেন, ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে হিংসা বন্ধের আবেদন জানাচ্ছি আমরা।ইউক্রেন সংকট সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব বলেও জানিয়েছেন তিনি।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত যে আগেই ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারসাম্যের নীতি নিয়েছে তার ইঙ্গিত আগেই মিলেছে। শনিবার তিরুমূর্তির বক্তব্যে, তার প্রমাণ আবার একবার পাওয়া গেল। আমেরিকা এবং তার সহযোগী দেশগুলোর আনা প্রস্তাবে ইউক্রেনের সামরিক আগ্রাসনের জন্য রাশিয়ার কড়া নিন্দা করা হয়েছিল। কিন্তু নয়াদিল্লি পশ্চিম দুনিয়ার সেই রাশিয়া বিরোধিতায় সামিল হয়নি।
সোমবার রাতে ইউক্রেনের ডনবাসকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভ্লাদমির পুতিন সরকার। তারপরেই ওই দুই এলাকায় মস্কো-পন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সাহায্য করতে রুশ সেনার অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া যায়। ওই ঘটনার পর মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জরুরী বৈঠক ডাকা হয় তাতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি পুতিন সরকারের এই সিদ্ধান্তকে ইউক্রেনের সার্বভৌমত্বের উপর আঘাত তকমা দেয়। দেশগুলি জানায় রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি সহ অন্যান্য পদক্ষেপ তারা করবে। কিন্তু তাতে অংশগ্রহণ গ্রহণ করা থেকে সুচারু ভাবেই সরে এলো ভারত।

