সেনা প্রত্যাহার নিয়ে ১৬ ঘন্টার বৈঠকে চিনকে কড়া বার্তা ভারতের

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি:প্যাংগং লেকের দুই তীর থেকে সেনা প্রত্যাহার করার পর দশম বার বৈঠকের বসে ভারত ও চিনের সেনা আধিকারিকরা। শনিবার সকাল ১০ টায় শুরু হওয়া ওই বৈঠক চলেছে ১৬ ঘন্টা। সেনা প্রত্যাহারের বিষয়ে ভারত চিন কে কড়া বার্তা দিয়েছে বলেই জানা গেছে। প্যাংগং এর দক্ষিণ তীরে চোশুলের কাছে মলদোতে হওয়া বৈঠকের মূলত দেবসাং, হট স্প্রিং,গোগড়া থেকে সেনা প্রত্যাহার নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়। কিভাবে এসব এলাকা থেকে সেনা প্রত্যাহার হবে তার পদ্ধতি নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে।

ভারত স্পষ্ট জানিয়েছে এর আগেও বেশ কয়েকবার সেনা প্রত্যাহার করার কথা বলা হলেও শেষ পর্যন্ত সেনা প্রত্যাহার করেনি চিন। তাই এবার আগে লালফৌজ পিছু হটবে। তারপরই ভারতীয় বাহিনী পিছু হটবে। কিভাবে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা আলোচনা করতে এতো সময় লেগে যায়।

১০ ফেব্রুয়ারি থেকে প্যাংগং লেকের দুই তীর থেকে সেনা সরানোর কাজ শুরু হয়েছিল। সেই কাজ শেষ হয়েছে। প্যাংগং লেকের দুই তীরে আর কোন দেশের সেনা নেই বলে জানা গেছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদে জানিয়েছেন ধাপে ধাপে নির্দিষ্ট পদ্ধতি মেনে সবকিছু খতিয়ে দেখে সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি হয়েছে দুদেশ। প্যাংগং-এর পর লাদাখের অন্য অংশের শান্তি স্থাপনের বিষয়ে আলোচনায় ভারত ও চিনের বসার কথা জানিয়েছিলেন তিনি। সেই কাজ শুরু হয়েছে।

তবে এই পাহাড়ি এলাকায় সেনা সরাতে বলে আবার নতুন ফাঁদ পাতে পারে চিনা ফৌজ বলেও অনুমান করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চিন সেনা সরাতে শুরু করলে ভারতীয় সেনাকেও পিছিয়ে আসতে হবে। আর সেই সুযোগে আবারো আগ্রাসনে চেষ্টা করতে পারে লালফৌজ। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে চিনের এই স্ট্র্যাটেজি খুব ভালভাবেই জানে ভারতীয় সেনা। সেই মতো প্রতিমুহূর্ত সতর্ক নজরদারিতেই রয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *