চাকদহে বুথের কাছেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ঘোরাঘুরি নির্দল প্রার্থীর, আটক অভিযুক্ত

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ এপ্রিল:
পঞ্চম দফা ভোটে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে নদিয়া জেলার বিভিন্ন বুথে। এবার প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বুথের আশেপাশে ঘুরতে দেখা গেল এক নির্দল প্রার্থীকে। ঘটনাটি ঘটেছে চাকদহে। অভিযুক্ত নির্দল প্রার্থীর নাম কৌশিক ভৌমিক। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সাদা পাঞ্জাবির পকেটের ভাঁজের মধ্যে প্যাঁচানো অবস্থায় উঁকি মারছিল লোহার নল। হাতে শক্ত করে ধরা ছিল বাঁট। এই অবস্থায় বুথের আশেপাশে ছুঁটছিলেন নির্দল প্রার্থী কৌশিক। যদিও ওই নির্দল প্রার্থী দাবি করেছেন, তাঁকে আক্রমণ করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল একদল দুষ্কৃতী। প্রার্থীর লোকজনকে সামনে দেখে সে ছুটে পালিয়ে যায়। পড়ে থাকা ওই আগ্নেয়াস্ত্রই নাকি তিনি পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন। আগ্নেয়াস্ত্র হাতে ওই নির্দল প্রার্থীকে ঘুরতে দেখে তাঁকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যেক্ষদর্শীদের অভিযোগ, পঞ্জাবির পকেটে করে তিনি আগ্নেয়াস্ত্রটি নিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ। এদিকে নির্দল প্রার্থী দাবি করেন, আমাকে লক্ষ্য করে বন্দুক ছুঁড়ে পালায় দুষ্কৃতী। তাঁর আরও দাবি, আগ্নেয়াস্ত্রটি পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন। তবে স্থানীয়দের অভিযোগ, তাঁকে ঘিরে ধরলে, অস্ত্র ফেলে চম্পট দেওয়ার চেষ্টা করেন ওই প্রার্থী। কিন্তু স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। পুলিশ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার খবর পেয়েই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কিছুক্ষণ পরে চাকদহ থানার পুলিশ ওই প্রার্থীক তাঁর বাড়ি থেকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *