সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের দিন স্কুলে আসেনি কোনো শিক্ষক। দীর্ঘ সময় ফুলের মালা নিয়ে স্কুলের বাইরে অপেক্ষা করে ক্ষুদে পড়ুয়ারা। এই অভিযোগে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
তাদের অভিযোগ, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সময় মতো স্কুলে আসেন না। এর ফলে পড়াশোনা শিকেয় উঠেছে। এছাড়া ছোটছোট পড়ুয়াদের দিয়ে শিক্ষকরা তাদের হাত, মাথা মাসাজ করায়। অভিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জিয়ালা এফ পি বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপিত হয়নি এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও কোনো শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে আসেনি। ফলে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন হয়নি এই বিদ্যালয়ে। উদযাপন হয়নি স্বাধীনতা দিবস। এই ঘটনার পরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। বুধবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল। বিদ্যালয়ের এক সহ-শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীও গ্রামবাসীরা। বিদ্যালয় তালাবন্ধ থাকায় বিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি ওই শিক্ষিকা। বন্ধ পরীক্ষা।
স্থানীয় গ্রামবাসী মমতা দাস, শম্পা আচার্যরা বলেন, এই বিদ্যালয়ে সঠিকভাবে পঠন-পাঠন হয় না। শিক্ষক-শিক্ষিকা সঠিক সময় মত স্কুলে আসে না। ছাত্র-ছাত্রীদের দিয়ে বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম করায়। শিক্ষক শিক্ষিকারা ক্লাসের সময় মোবাইল নিয়ে ক্লাস রুমে বসে থাকেন। কখনও পড়ুয়াদের দিয়ে গাঁ হাত পা মাসাজ করান। তাঁদের দাবি, বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন হলো না কেনো তার সঠিক বিচার হোক। যদিও প্রধান শিক্ষক আজও স্কুলে আসেননি। অন্যান্য শিক্ষিকারা বলেন, প্রধান শিক্ষক তাঁদের কিছুই
জানায়নি।

