বাঁকুড়ায় মহা সমারোহে পালিত হলো স্বাধীনতা দিবস

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ আগস্ট: মহা সমারোহে বাঁকুড়াজুড়ে পালিত হলো ৭৭তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসক কে রাধিকা আইয়ার পতাকা উত্তোলন করে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহিদদের শ্রদ্ধা জানান।

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যেগে রবীন্দ্র ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ লাইনে পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি। স্বাধীনতা দিবস উপলক্ষে বাঁকুড়া পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপ্রধান অলকাসেন মজুমদার। অনুষ্ঠানে উপ পৌরপ্রধান হীরালাল চট্টরাজ সহ পৌর কাউন্সিলর ও কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাদেশিক মাড়োয়ারি সম্মেলনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়। সকালে নূতনগঞ্জে পতাকা উত্তোলন করে স্বাধীনতা আন্দোলনের সংগ্ৰামীদের প্রতি শ্রদ্ধা জানান সম্মেলনের সভাপতি দীনেশ সরাফ, সম্পাদক নরেন্দ্র শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে আজ শ্রদ্ধার সঙ্গে পালিত হলো স্বাধীনতা দিবস। আজ সকালে সমিতি ভবনের সামনে পতাকা উত্তোলন ও পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও শহরের বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *