বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে হামলা বাঁকুড়ার ইন্দাসে, আক্রান্ত মন্ডল সভাপতি সহ তিন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ এপ্রিল: দলীয় পতাকা লাগানোর দায়ে তৃণমূলের রোষের শিকার বিজেপি কর্মী, আহত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত ইন্দাসের রোল এক নম্বরের মন্ডল সভাপতি শোভনদেব নন্দী। এই ঘটনায় আহত তিন বিজেপি কর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ইন্দাস।

ঘটনায় সূত্রপাত ইন্দাসের রোল এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে। সেখানে বিজেপির পতাকা লাগায় স্থানীয় কর্মীরা। এরপরই স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে ওই পতাকা খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ।পতাকা খুলে না নিলে হাত পা ভেঙ্গে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির।অভিযোগ, রাজা হাজরা, মহাদেব হাজরা সহ বিজেপি কর্মীরা পতাকা খুলতে গেলে তাদের মারধর করে তৃণমূল কর্মীরা।

খবর পেয়ে নিগৃহীত কর্মীদের দেখতে রোল এলাকার মন্ডল সভাপতি শোভনদেব নন্দী দু’জন কর্মীকে নিয়ে হাজির হলে তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়। মোট‍র সাইকেলের চাবি ও মোবাইল কেড়ে নিয়ে মারধর করা হয়। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে, পকেটে থাকা ন’হাজার টাকা ওরা ছিনিয়ে নেয় বলে শোভনদেব জানান।

পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে শাসক তৃণমূলের স্বৈরাচারী মনোভাব ততই প্রকাশ পাচ্ছে বলে দাবি বিরোধীদের। বিরোধীদের কন্ঠ রোধ করার চেষ্টা চলছে আরো বেপরোয়া ভাবে, এমনই অভিযোগ ইন্দাসের বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *