‘ইউনিয়ন ক্লাব চক’এর উদ্বোধন পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১৫ এপ্রিল: প্রাচীন ঐতিহ্যবাহী ইউনিয়ন ক্লাবকে সন্মান জানিয়ে সুনাম ছড়িয়ে দিতে উদ্যোগ নিল পুরুলিয়া পুরসভা। পুরুলিয়া শহর তথা জেলার গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড সংলগ্ন একটি চৌমাথাকে ‘ইউনিয়ন ক্লাব চক’ নামাঙ্কিত করল পুরসভা। আজ তারই আনুষ্ঠানিকভাবে নামকরণ উদ্বোধন হল।

ব্রিটিশদের থেকে দূরে সরে পুরুলিয়া শহরের দিকপাল, সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত বিদ্বজনরা সমাজের কল্যাণকর কাজ করার লক্ষ্য নিয়ে ১৯০৯ সালে এই ক্লাবটি স্থাপন করেছিলেন। সেই থেকে নিজেদের লক্ষ্যে অবিচল রেখে কাজ করে চলেছে। সেই ধারার কৃতজ্ঞতা জানিয়ে এই চৌমাথায় নামকরণ করা হল বলে জানান পুর প্রধান নবেন্দু মাহালি। রেডক্রস রোড, মেইন রোড, রাঁচি রোডের সঙ্গে এই মোড়ে সংযুক্ত হয়েছে বাস স্ট্যান্ডের রাস্তা। সব সময় ব্যস্ত থাকে এই গুরুত্বপূর্ণ মোড়। ট্র্যাফিক নিয়ন্ত্রণ রাখতে পুলিশ ছাউনি রয়েছে সেখানে। তবে গুরুত্বের নিরিখে রাস্তাগুলি অবৈধ দখলের কারণে নিজস্বতা হারিয়ে পরিসর কমে গিয়েছে। মোড়ের কাছেই রয়েছে আবর্জনা ফেলার বিশাল ডাস্টবিন। উপচে পড়ে আবর্জনা। পুরসভার সাফাই সঠিকভাবে না হওয়ায় দূষণ বাড়ছে। এতেই হয়তো নামকরণের গরিমাতে ঘা লাগতে পারে বলে মনে করছেন পুরবাসী।

ইউনিয়ন ক্লাবের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী পার্থ প্রতিম ব্যানার্জি বলেন, “নামকরণ করার জন্য পুরসভার কাছে কৃতজ্ঞ। তাদের কাছে অনুরোধ রাখব যেন কোনও ভাবেই গর্বের জায়গায় আঘাত না লাগে”।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, পুরপ্রধান ছাড়াও বিশিষ্ট সমাজসেবী জনপ্রতিনিধিরা। ছিলেন ক্লাবের পদাধিকারী ও সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *