ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আরো দুটি থানার উদ্বোধন

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ এপ্রিল: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত গ্রামাঞ্চলগুলির বাসিন্দাদের সুবিধার দিকে খেয়াল রেখে, গ্রামাঞ্চলের মানুষদের সাথে পুলিশের সম্পর্ক আরো ভালো করার জন্য আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অন্তর্গত আরো দুটি থানার উদ্বোধন হলো। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার শিবদাসপুর পুলিশ থানা ও জেটিয়া পুলিশ থানার উদ্বোধন করেন।

নৈহাটি কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস সংলগ্ন প্রজাপতি লজে শিবদাসপুর থানার উদ্বোধন হয় এদিন। মূলত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন গ্রামগুলি নৈহাটি ও জগদ্দল থানার থেকে অনেকটাই দূরে, যার ফলে গ্রামাঞ্চলে কোনো অপরাধ হলে পুলিশের সেই জায়গায় পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। তাই নতুন এই দুটি থানার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন পুলিশ কমিশনার মনোজ ভার্মা আশা প্রকাশ করে বলেন, “শিবদাসপুর ফাঁড়ি, থানাতে উন্নত হওয়ার ফলে যে কোনো ঘটনায় তাড়াতাড়ি পুলিশ পৌঁছে তার সমাধান করতে পারবে।”

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা, নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, যুগ্ম কমিশনার শ্রী হরি পান্ডে, যুগ্ম-কমিশনার ক্রাইম অজয় ঠাকুর, ডিসিপি প্রশান্ত কুমার চৌধুরী, নৈহাটি থানার ভারপ্রাপ্ত আইসি, বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি সহ অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *