বর্ধমানে কার্যত ফাঁকা মাঠে সভা অভিষেকের, চিন্তায় তৃণমূল

আমাদের ভারত, বর্ধমান, ১৩ এপ্রিল: রায়নায় যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো ঘিরে অগণিত মানুষের ভিড় তখন খন্ডঘোষ ও রায়না অভিষেকের জনসভা কার্যত ফাঁকাই রইল এমনটাই বলছে রাজনৈতিক মহল।

মঙ্গলবার দুপুর নাগাদ খন্ডঘোষের সালুনে এবং রায়নায় তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভা সফল করতে সকাল এগারোটার মধ্যে তৃণমূল কর্মীদের মাঠ ভরিয়ে ফেলতে নির্দেশ দেয় দলীয় নেতৃত্ব। কিন্তু দুপুর একটা পর্যন্ত কার্যত মাঠ খালিই পড়ে ছিল। মাঠের প্রায় আশি শতাংশই খালি ছিল বলে মত রাজনৈতিক মহলের।

তৃণমূল কর্মীদের একাংশের মতে, এদিন জনসভায় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতাকে ঢুকতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। নেতাদের কেউ কেউ তৃণমূল ভবনে ফোন করে অনুমতি জোগাড় করে। তবে মানুষ যেভাবে দিনে দিনে তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে তা নিয়ে চিন্তায় পড়েছেন খন্ডঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এমনিতেই খন্ডঘোষ ব্লকের বেশ কিছু তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু দলের উচ্চ নেতৃত্ব তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। সেই কারণেই কি মানুষ এদিন জনসভায় আসেনি সেটাও খতিয়ে দেখতে শুরু করেছে তৃণমূল ব্লক নেতৃত্ব।

এদিন জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্বাচন কমিশনকেও একহাত নেন। নরেন্দ্র মোদী, অমিত শাহকে তিনি কটাক্ষ করে বলেন, ডেলি প্যাসেঞ্জারি করেও তাদের স্বপ্ন পূরণ হবে না। তবে রাজনৈতিক মহলের মতে একই দিনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শোয়ে জনজোয়ার ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত ফাঁকা মাঠে জনসভা পরিস্কার বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষ কাকে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *