জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ আগস্ট:
রাজ্যের মানুষের কাছে কৃষিজাত পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য জুড়ে সুফল বাংলা বিপনীর স্টল খোলা শুরু করল রাজ্য সরকার। মঙ্গলবার মেদিনীপুরে সুফল বাংলা স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। মেদিনীপুর শহরের পিডব্লিউডি অফিস লাগোয়া এলাকায় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতো, জেলাশাসক রেশমি কোমল সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।
কৃষি বিপণন মন্ত্রী জানান, শুধু মেদিনীপুর শহরে নয় আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলা সহ গোটা রাজ্যে এই সুফল বাংলার স্টল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্টলে মানুষ যেমন একদিকে সুলভ মূল্যে সমস্ত কৃষিজাত দ্রব্য ক্রয় করতে পারবে তেমনই কৃষকরা সরাসরি তাদের ফসল এই স্টলে বিক্রিও করতে পারবে।
কৃষি বিপপন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার মেদিনীপুর শহরে চালু হলো এই স্টল। এই স্টলে বিভিন্ন ধরনের গ্রীষ্ম ও শীতকালীন সবজি, টাটকা ফল, চাল, ডাল, দুধ, পনীর, মাংস, ডিম, মশলা, মধু, ঘি, সর্ষের তেল, মশলা, আচার পাওয়া যাবে।

