পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: বছর শুরুর দিন উদ্বোধন হলো মার্কেট কমপ্লেক্সের। সোমবার কেশিয়াড়ির খাজরা পঞ্চায়েতের খাজরাতে ‘পণ্যশ্রী’ নামের মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। মার্কেট কমপ্লেক্স হওয়ায় খাজরা এলাকার ব্যবসায়ীদের সুবিধা হলো। প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় বিকিকিনি।

প্রশাসন সূত্রে খবর, পঞ্চদশ অর্থ কমিশন ও খাজরা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ‘পণ্যশ্রী’। এখানে ২৩টি স্টল আছে। উদ্বোধনের পর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, মার্কেট কমপ্লেক্সটি ব্যবসায়ীদের দিক না ভেবেই নির্মাণ করা হয়েছে। মার্কেট কমপ্লেক্সের গঠনগত সমস্যা আছে। ফলে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই অভিযোগ ব্যবসায়ীরা সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতিকে জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়াড়ির বিডিও সৌমিক ভর, জয়েন বিডিও প্রবীর কুমার দত্ত কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কল্পনা সিট, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় গোস্বামী সহ আরো অনেকে।

