আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ জানুয়ারি: মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে রবিবার বহরমপুর পৌরসভার উদ্যোগে “আই লাভ বহরমপুর” ও একটি “সেলফি জোন” এর উদ্বোধন করা হল।
এদিন বহরমপুর পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখার্জির হাত ধরে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে ডিএম বাংলোর উল্টোদিকে আই লাভ বহরমপুর ও এই সেলফি জোনের উদ্বোধন করা হয়। পাশাপাশি বহরমপুর শহরের যে সমস্ত হকার যেমন বাদাম বিক্রেতা, চা বিক্রেতা এবং চানাচুর বিক্রেতা প্রতিদিন রাতে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তাদের বহরমপুর পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া, মিষ্টি এবং শাল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে বহরমপুর পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখার্জির পাশাপাশি উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক স্বরূপ সাহা, বিশিষ্ট সমাজসেবী অশোক দাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য অশেষ ঘোষ সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

