আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২২ ডিসেম্বর: সামাজিক কাজের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হল বীরভূমের মল্লারপুরে। একই সঙ্গে ইংরেজি মতে মা সারদা দেবীর ১৭১তম আবির্ভাব দিবস পালন করা হল বিশেষ পুজো এবং হোম যজ্ঞের মাধ্যমে। সারাদিন ধরে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার সকালে প্রভাতফেরির মাধ্যমে বিশেষ ভাবে দিনটিকে পালন করে আশ্রম কর্তৃপক্ষ। এরপরেই একদিকে বিশেষ পুজো পাঠ, অন্যদিকে রক্তদান শিবির শুরু হয়। এছাড়াও বিএনএস হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তের গ্রুপ পরীক্ষা শিবির করা হয়েছিল। সারাদিনের অনুষ্ঠানে ধর্মীয় আলোচনার পাশাপাশি বিকলাঙ্গ ছাত্রছাত্রীদের যন্ত্রাংশ প্রদান করা হয়। আশ্রমে দুটি পানীয় জলের ট্যাঙ্ক, দুটি অ্যাম্বুলেন্স এবং একটি ট্রাক্টরের উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়। আশ্রমের সম্পাদক সুকান্ত মণ্ডল বলেন, “এখানে একটি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করা হল। উদ্বোধন করলেন স্বামী শঙ্করাচার্জ, স্বামী সদানন্দ মহারাজ। এছাড়া পিস হেভেনের শিলান্যাস করা হয়। মল্লারপুরের বাসিন্দা
বিএনএস হাসপাতালের কর্ণধার ব্রতেন মণ্ডল পিস হেভেন গড়তে আর্থিক সহযোগিতার হাত বারিয়ে দিয়েছেন”।
কাজল শেখ বলে, “এখানে প্রথম এলাম। আশ্রম কর্তৃপক্ষের কর্মকাণ্ড দেখে আমি মুগ্ধ। ইচ্ছে থাকলে সমাজের জন্য অনেক কিছু করা যায়, তার প্রমাণ রেখেছে আশ্রমের কর্মকর্তারা। আমার কাছে কিছু দাবি রাখা হয়েছে। আমি একবারে না পারলেও ধীরে ধীরে সেই দাবি পূরণ করার অঙ্গীকার করছি”।

