আমাদের ভারত, ১৬ মার্চ: লোকসভা নির্বাচনের পর এবার বিধানসভাতেও একই ধাঁচের বুথের নিরাপত্তা ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। জানা গেছে বুথের নিরাপত্তায় একমাত্র কেন্দ্রীয় বাহিনীই থাকবে। বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্যের কোনও বাহিনী থাকবে না। বুথের ধারে কাছে থাকতে পারবে না রাজ্য পুলিশ। বুথের নজরদারিতে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে।
বুথে যদি গোলমাল হয় তাহলে তা সামাল দিতে কুইক রেসপন্স টিম ও সেক্টর অফিসারের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে এবারের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো বুথের ১০০ মিটারের ধারে কাছেও থাকতে পারবে না রাজ্যের পুলিশ।
আগের সমস্ত রেকর্ড ভেঙে এবার বিধানসভার নির্বাচনে বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন। শুধুমাত্র প্রথম দফাতেই মোতায়েন করা হয়েছে ৭০৫ কোম্পানি বাহিনী। ১০ হাজার বুথের জন্য ৭০ হাজার জওয়ান। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ৪৯৫ কোম্পানি বাহিনী। দিন কয়েকের মধ্যে আরও ২১০ কোম্পানি বাহিনী রাজ্যে আছে। এবার ডিএম ও এসডিও-দের কাছেও কেন্দ্রীয় বাহিনী থাকছে। কুইক রেসপন্স টিমেও কোন রাজ্য পুলিশ থাকবে না।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি বিজেপি। কারণ বুথের নজরদারিতে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতেই তারা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘বাংলার মানুষ এটাই চায়। আমরা মানুষের এই দাবিটা তুলে ধরেছিলাম। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হোক। রাজ্য পুলিশের ওপর মানুষের আস্থা নেই। কারণ এখানে পুলিশ প্রশাসন আর দল এক হয়ে গেছে।
কিন্তু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, এখনো বিস্তারিত জানি না কমিশন যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে সেটাই হবে। কিন্তু নিয়মমতো রাজ্য সরকারের পুলিশের অধীনে থাকার কথা। সেটা যদি না হয় তাহলে আমরা অভিযোগ জানাবো। কমিশন এমন সিদ্ধান্ত নিয়ে থাকলে কেন তা করছে জানি না। কমিশন নিয়ম-নীতির উর্ধ্বে নয়। ওরা সেইরকম কিছু করলে আমরা আপত্তি জানাবো।

