আমাদের ভারত, ১৫ নভেম্বর: যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে এবার গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হতে চলেছে। দেশের মধ্যে প্রথম উত্তরপ্রদেশেই গরুদের জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হচ্ছে। একইসঙ্গে পোষ্য নয় এমন গরুদের জন্য যোগী সরকার বিভিন্ন জায়গায় শেল্টার তৈরি করে দিয়েছে। এই ধরনের শেল্টারও অন্য কোন রাজ্যে নেই।
জানা গেছে, লখনৌতে একটি কল সেন্টার তৈরি করা হবে। সারা রাজ্য থেকে ফোন করা যাবে ওই কল সেন্টারে। যার গরু সে যেকোনও সমস্যা সেখানে জানাতে পারবেন। উত্তরপ্রদেশে প্রাণিসম্পদ, দুগ্ধপণ্য উন্নয়ন ও মৎস্য মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরী জানিয়েছেন, মোট ৫১৫ টি অ্যাম্বুলেন্স থাকবে রাজ্যজুড়ে। রাজ্যে যাতে কোনও অসুস্থ গরু না থাকে, কোনও সমস্যা দেখা দিলে সেই গরুগুলিকে যাতে তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায়, সেই লক্ষ্যেই এই অ্যাম্বুল্যান্স চালানোর ভাবনা বলে জানিয়েছেন মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরী।
১১২ নম্বরে ফোন করে গরু সংক্রান্ত সব সমস্যার কথা জানানো যাবে। গরুদের জন্য এই অ্যাম্বুল্যান্সে থাকবেন একজন পশু চিকিৎসক ও তাঁর দুজন সহযোগী। কল সেন্টারে ফোন করার ১৫-২০ মিনিটের মধ্যে অ্যাম্বুল্যান্স চলে আসবে। শুধু যে অ্যাম্বুল্যান্স যাবে তা নয়, রাজ্য সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে কিভাবে গরুর প্রজনন বাড়ানো যায় তাও। যেমন ভ্রুণ প্রতিস্থাপনের মতো বিষয় নিয়েও ভাবনা চিন্তা চলছে। সেটা হলে প্রজননে অক্ষম গরুর বন্ধ্যাত্ব ঘুঁচবে। সেই গরুও বেশি মাত্রায় দুধ দেবে। যার ফলে দুগ্ধপণ্য আরও বেশি মাত্রায় উৎপাদন হবে।

