পার্থ খাঁড়া,পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: বেকায়দায় পড়লেই তৃণমূল তাদের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এভাবে ছিন্ন করতে করতে একদিন দলটাই শেষ হয়ে যাবে। কারণ দলটার ওপর থেকে নীচ পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
রবিবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির একটি সাধারণ সভায় যোগদান করেন তিনি। জেলার বঞ্চিত শ্রমিকদের অধিকার রক্ষায় এই সভার ক্যাম্প থেকেই -শ্রম কার্ড দেওয়া হয়। রাহুল সিনহা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশ্বপ্রিয় রায় চৌধুরী, শ্রমিক সংগঠনের রাজ্য কার্যকারী সভাপতি শংকর দাস, প্রাক্তন জেলা সভাপতি ধীমান কোলে সহ অন্যান্যরা।
সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল সিনহা বলেন, তৃণমূলের ওপর থেকে নীচ পর্যন্ত সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। কেউ বেকায়দায় পড়লেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় দল। কিন্তু কত সম্পর্ক ছিন্ন করবেন, দলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। একদিন এভাবে দলটাই শেষ হয়ে যাবে। মানুষ এতদিন নীচের দুর্নীতি দেখেছে, চাঁদের পাহাড় সিনেমার কথা শুনেছেন, এবার বাস্তবে টাকার পাহাড় দেখতে পাচ্ছেন। রাহুল সিনহা বলেন, টাকার পাহাড় সিনেমার প্রোডিউসার মমতা বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর তৃণমূল দল, আর অভিনেতা অভিনেত্রীরা জেলে যাচ্ছেন। আরো যেসব কলাকুশলী রয়েছেন তারাও যেখানে যাওয়ার ঠিক চলে যাবেন। তিনি বলেন, তদন্তকারী সংস্থা যেসব কাগজপত্র পেয়েছে তাতে প্রমাণ হচ্ছে এই বিশাল দুর্নীতিতে কারা কারা যুক্ত রয়েছেন। দেখা যাচ্ছে শুধু টাকার পাহাড় নয়, ফ্ল্যাটের পাহাড়, সোনা দানার পাহাড়। কুকুরের নামেও ফ্ল্যাট আছে। এই সমস্ত কিছুর টাকার উৎসের তথ্য প্রমাণ রয়েছে তদন্তকারী সংস্থার কাছে।
রাহুল সিনহা বলেন, শিক্ষক নিয়োগে সিপিএমের আমল থেকে দুর্নীতি হয়েছে। সেই সময় থেকে সব তদন্তের প্রয়োজন রয়েছে। রাহুল সিনহা বলেন, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও তৃণমূল নেতারা বলছেন দোষ প্রমাণ হওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারা কি করে ধৃতদের দোষী বলবেন ? তাদের তো উপর থেকে নিচ পর্যন্ত সবাই দোষী। সবাই কাটমানি খোর, টাকা খেয়ে বসে রয়েছে। কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?

