এবার শিলিগুড়ি পুর নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল যানজট সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তাদের ইস্তাহারে

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৩ জানুয়ারি: শিলিগুড়ি শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট। ৫ মিনিটের রাস্তা যেতে লাগে প্রায় আধ ঘন্টা। তাতে প্রতিদিন রাস্তাতেই ক্ষোভ প্রকাশ করেন শহরবাসী। যানজট নিয়ে তিতিবিরক্ত তারা। বার বার প্রশাসনকে বলেও লাভ হয়নি। আর তাই এই সমস্যাকে ইস্যু করে এবার পুর নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল তাদের ইস্তাহারে যানজট সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। যানজটমুক্ত শহর গড়তে সকলেই বদ্ধপরিকর। কিভাবে সমাধান করা হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তাহারেই।
       
শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনকে সামনে রেখে সব দলই তাদের ইস্তাহার প্রকাশ করে ফেলেছে৷ সবার প্রথমে ইস্তাহার প্রকাশ করে বামেরা। তারাও এবিষয়টি উল্লেখ করেছে তাদের ইস্তাহারে। শহরে যেভাবে যানজট বেড়েছে তা নিয়ে রীতিমত স্তম্ভিত বাম নেতা অশোক ভট্টাচার্য। তিনি বলেন, যানজট সমস্যা নিরসন করতেই হবে। এর জন্য আমরা ক্ষমতায় এসেই রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করবো। কারণ মুখ্যমন্ত্রী নিজে এসে বলেছিলেন, যানজট সমস্যার সমাধান করা হবে। কিন্তু এ ব্যাপারে পুলিশের কোনও উদ্যোগ নেই। তাই আমরা ইস্তাহারে রেখেছি যানজটমুক্ত শহর গড়া হবে। পাশাপাশি সুপরিকল্পিত পার্কিংয়ের জায়গা করা হবে।

এদিকে আবার বিজেপিও একইভাবে তাদের ইস্তাহারে যানজটকে গুরুত্ব দিয়েছে। তারা তাদের ইস্তাহারে একটি আলাদা বিভাগ রেখেছে যানজটমুক্ত প্রশস্ত রাস্তাঘাট নির্মাণ। তাতে তারা লিখেছে দার্জিলিং মোড় সংস্কার সহ প্রসস্তিকরণ করা হবে। বালাসন ও সেবকের মধ্যে চারলেনের অনুমোদিত এলিভেটেড করিডোরের নির্মাণকাজ অবিলম্বে শুরু করা হবে। শিলিগুড়ি শহরকে প্রদক্ষিণ করে চারপাশে রিং রোড করা হবে। তাতে প্রধান সড়ক গুলো যানজটমুক্ত থাকবে। শহরের বিভিন্ন স্থানে আধুনিক নতুন পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে উড়ালপুল নির্মাণ করা হবে।

এপ্রসঙ্গে সাংসদ রাজু বিস্তা বলেন, শহরকে যানজট মুক্ত করতেই আমাদের এই উদ্যোগ। যেভাবে যানজট বাড়ছে তাতে দ্রুত এই সমস্যার সমাধান না করলে ভবিষ্যতে আরও সমস্যা বাড়বে।
     
অন্যদিকে সকলের শেষে ইস্তাহার বের করে চমক দেয় তৃণমূল কংরেস। তারাও যানজটকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তাদের ইস্তাহারে। সেখানে লেখা রয়েছে খানা-খন্দহীন শিলিগুড়ি। অর্থাৎ শহরের সকল বর্তমান রাস্তা, ফুটপাথ ও ডিভাইডার নিয়মিত মেরামত করা হবে। তবে তাদের ইস্তাহারে চমক হল- তারা ক্ষমতায় এলে ৫ বছরে ৩টি চলমান সিঁড়ি সহ ফুট ওভারব্রিজ নির্মাণ করবেন। আবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে একটি বহুতল পার্কিং ও বিধান মার্কেটে একটি ভূগর্ভস্থ পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়াও আরও বেশ কিছু এলাকা সমীক্ষা করে দেখা হবে। আর অটোরিক্সা ও টোটোর জন্য স্ট্যান্ড নির্মাণ করা হবে। যাতে যত্রতত্র না দাঁড়িয়ে পড়ে তারা।

এপ্রসঙ্গে গৌতম দেব বলেন, আমাদের শহরে দার্জিলিং মোড়ের যানজটের জন্য তীব্র সমস্যার সৃষ্টি হয়। এব্যাপারে বারবার কেন্দ্রের সঙ্গে কথা বলে কোনও সুরাহা হয়নি। তবে আমরা ক্ষমতায় আসলে সবার আগে যানজটের সমস্যা সমাধান করবো। আবার কংগ্রেস তাদের ইস্তাহারে লিখেছে ক্ষমতায় এলে তারা যানজট নিরসনে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করবে। তাদের দেখানো পথেই এই সমস্যার সমাধান করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *