এই জেলায় কিছু গদ্দার মীরজাফর রয়েছে, তার থেকে বড় তোলাবাজ কে আছে? : মমতা

আমাদের ভারত, হলদিয়া, ২০ মার্চ: ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, হলদিয়া এসে এভাবেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়া মহকুমার সুতাহাটায় আসেন তিনি। হলদিয়ার তৃণমূল প্রার্থী স্বপন নস্কর এবং মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীর হয়ে প্রচার সভায়। মুখ্যমন্ত্রী বলেন, সিপিএমের আমলে যখন হলদিয়ায় এসেছিলাম তখন মাইক পর্যন্ত দেওয়া হয়নি।
এর পরেই হলদিয়ার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। মহিলাদের সামাজিক সুরক্ষা, বিধবাদের মাসিক ভাতা সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি বলেন, এই জেলায় কিছু গদ্দার মীরজাফর রয়েছে। তার থেকে বড় তোলাবাজ কে আছে? আগে আমাকে এখানে আসতে হলে পারমিশন নিতে হতো। বলে কিনা এটা কেন্দ্রশাসিত অঞ্চল। আপদ বিদায় নিয়েছে, বেঁচে গেছি।
পাশাপাশি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, রেল বিক্রি করে দিয়েছে। কোল বিক্রি করে দিয়েছে। কোন দিন দেখবেন হলদিয়া পোর্ট বিক্রি করে দিয়েছে। মানুষ খাবে কি? বিজেপি একটা জঘন্য দল। দাঙ্গা করে লোক মারে। বিজেপিতে পার্টির মেয়েরাই ওই পার্টিতে সুরক্ষিত নয়। মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়ার প্রার্থী স্বপন নস্কর এবং মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *