সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ নভেম্বর: রবিবার ভারত- অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পরাজয়ে বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের এক যুবক আত্মহত্যা করে। এই ঘটনায় সারা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে উন্মাদনা ছিল দেশজুড়ে।ফাইন্যাল ম্যাচে পর পর ১০টি ম্যাচে অপরাজিত দল ভারতেরর বিশাল জয় আসবে এই প্রত্যাশা ছিল ১৪০ কোটি ভারতবাসীর।এই কারণে গোটা ভারতবর্ষজুড়ে উৎসবের মেজাজ ছিল চোখে পড়ার মতো। কিন্তু প্রথম পর্যায়ের খেলাগুলিতে সেরকম দাগ কাটতে না পারা দেশ অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হয়ে রোহিত ব্রিগেড হেরে যেতেই যেন বিপর্যয় নেমে এল আসমুদ্র হিমাচলে। এই লজ্জার হারে আত্মঘাতী হলেন বাঁকুড়ার বেলিয়াতোড়ের এক যুবক রাহুল লোহার (২৩)।
স্হানীয় সূত্রে জানা গেছে, বেলিয়াতোড়ের এই ক্রিকেট ভক্ত যুবক সকাল থেকে উত্তেজনার আগুনে টগবগ করে ফুটছিলেন। স্নান করে মন্দিরে পুজো দিয়ে দেশের জয়ের আনন্দ উপভোগ করার জন্য জায়েন্ট স্ক্রিনের সামনে বসে পড়ে। বেলিয়াতোড় সিনেমা হলের সামনে বড় পর্দায় একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করছিলেন তিনিই। কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয় শুরু হওয়ার পর থেকেই ভেঙে পড়লেও হতাশ হননি। তাদের দলে শামি আছে এই ভরসা নিয়ে খেলা দেখছিলেন রাহুল। কিন্তু তার দেশের বোলাররা বিফল হতেই মনমরা হয়ে পড়েন তিনি। হার মাথায় নিয়ে বাড়ি ফেরেন। রাতে ভালো করে খাবার মুখে তোলেননি।
রাহুলের জামাইবাবু উত্তম সুর বলেন, রাত ১১টা নাগাদ অ্যাসব্যাসটার দেওয়া বাড়ির কড়িকাঠে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাহুল। তিনি বলেন, ইন্ডিয়া টিমকে পাগলের মত ভালোবাসত। হারটা সহ্য করতে পারেনি সে।
রাহুল বেলিয়াতোড়েরই একটি কাপড়ের দোকানে কাজ করতেন। বাড়িতে একটি ঘরে ছোট ভাইয়ের সাথে এক বিছানায় ঘুমোত। সেই সময় ভাই বাড়িতে ছিল না। শুতে গিয়ে দেখে দাদা ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই বাঁকুড়া
জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

