আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ জুলাই: ফের করোনার থাবা জলপাইগুড়ি শহরে। আক্রান্ত হলেন ৫ জন। জলপাইগুড়ি পুরসভা সূত্রে এমনই খবর। আজ শনিবারের তথ্য অনুযায়ী শহরের বিভিন্ন ওয়ার্ডে মোট ৫ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।

গত ৭/৮ দিনে যেভাবে শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা সত্যিই উদ্বেগজনক। অনেকেই কিটের মাধ্যমে বাড়িতে করোনা পরীক্ষা করছেন এবং সেখানে ফল অনেকের পজিটিভ আসছে। অন্যদিকে এই টেস্টে আবার নেগেটিভ ফলও বের হচ্ছে। কিন্তু এই টেস্টে সব ক্ষেত্রেই নেগেটিভরা যে পজিটিভ নন তা কিন্তু বলা নিশ্চিত হবে না। এইভাবে অনেকেই শহরে ঘোরা ফেরা করছেন এবং তাদের থেকেও অনেক সময় সংক্রমণ ছড়াচ্ছে বলে জানান সৈকতবাবু।

উপসর্গ থাকলে আরটিপিসিআর টেস্ট করার অনুরোধ জানান তিনি। পুরসভার পক্ষ থেকে সচেতনতার প্রচারে মাইকিং শুরু হয়েছে। শহরবাসীর উদ্দেশ্যে ফের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন ভাইস চেয়ারম্যান। তবে এখনই শহরে মাস্ক বিহীনদের অথবা যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাচ্ছে না জলপাইগুড়ি পুরসভা। কয়েকদিন দেখে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।

