মনসা পুজোর প্রস্তুতিতে দুষ্কৃতী তাণ্ডব তমলুকে, বিজেপি কর্মীদের মারধর, আহত ৩

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ মার্চ: গ্রামের মনসা পুজোর প্রস্তুতিতে দুষ্কৃতী তান্ডব। বিজেপি কর্মীদের ওপর হামলা। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত ৩ জন বিজেপি কর্মী, যাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত বিজেপি কর্মীকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চণ্ডীপুর থানার ঈশ্বরপুর এলাকার ঘটনা।

ধারালো অস্ত্র দিয়ে হামলার পর এই কর্মীর মৃত্যু নিশ্চিত করতে স্থানীয় খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে স্থানীয় মানুষজন খাল থেকে উদ্ধার করে ওই কর্মীকে চন্ডীপুর ব্লকের এড়াশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক থাকায় পরবর্তীতে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি কর্মীর নাম দেবাশীষ সংগ্রাম।

জানাগেছে, গ্রামের মনসা পুজোর প্রস্তুতি চলছিল। গতকাল রাতে পার্শ্ববর্তী এলাকার ৩ জন দুষ্কৃতী হটাৎ করে সেখানে এসে গালিগালাজ ও তর্কাতর্কি শুরু করে। এর কিছুক্ষণ পর ৪০ থেকে ৫০ জন দুষ্কৃতী এসে বেছে বেছে বিজেপির কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। মহিলাদেরও ওপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী আহত হয়। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় উত্তেজনা আছে। ঘটনাস্থলে চণ্ডীপুর থানার পুলিশ গিয়ে ৩ জনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *