আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ মার্চ: “ব্যারাকপুরে আজ না হয় কাল আবার একটা খুন হয়ে যেতে পারে। কারণ বিজেপির খুন করা ছাড়া কোনো কাজ নেই। ভাটপাড়াতে খেলা শুরু করেছে, তাতে আজ কালের মধ্যে আবারও খুন হতে পারে।” পানিহাটিতে খুন হওয়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তের বাড়ি গিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক মদন মিত্র।
প্রসঙ্গত, অনুপম দত্ত খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ধৃত বাপি পণ্ডিত এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। সূত্র অনুযায়ী একটি খেলার মাঠের দখল নিয়ে অনুপম বাবুর সাথে বাপির বিবাদ বেধেছিল। আর অনুপম বাবুর হস্তক্ষেপে ওই খেলার মাঠে চলতে থাকা অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়। তাই বিজেপিকে প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে এই খুনের ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।
এদিন মদন মিত্র বলেন, “অনুপমকে খুব চিন্তা ভাবনা করে খুন করা হয়েছে। ওর পরিবারকে নিরাপত্তা দেওয়া উচিত। পুলিশ নিশ্চই সেটার ব্যবস্থা করবে। আর এই খুনের পেছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে। তাকে খুঁজে বের করতে হবে তবে পুলিশ ভালো কাজ করছে।”
অপর দিকে এদিন অনুপম বাবুর স্ত্রী আবারও বলেন, “আমি একবার দিদির সাথে দেখা করে আমার কিছু কথা আছে সেটা ওনাকে জানাতে চাই। দল আমার পাশে আছে জানি তবুও একবার সাক্ষাৎ করতে চাই। আমার ছেলে মেয়ের নিরাপত্তা নিয়ে আমি এখন চিন্তিত।”

