আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ মার্চ: সাত সকালে প্রকাশ্যে শ্যুট আউট উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। গুলিবিদ্ধ স্থানীয় এক প্রোমোটারের ম্যানেজার। গুলিবিদ্ধ ওই যুবকের নাম কাজল চৌধুরী (৩৬)।
জানাগেছে, প্রকাশ্য রাস্তায় বাইকে করে ৩ দুষ্কৃতী এসে ওই যুবককে গুলি করে। ওই যুবকের হাতে গুলি লেগেছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পরেই সেখানে পৌঁছান ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভাটপাড়া পৌরসভার এই ২৫ নম্বর ওয়ার্ডে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল। সকাল সাড়ে নয়টার সময় বাইকে সওয়ার তিন দুষ্কৃতী প্রকাশ্য রাস্তায় এসে কাজল চৌধুরীকে গুলি চালায়। কাজল চৌধুরীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা। যদিও যে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা, সেই ব্যাগে কিছু কাগজপত্র ছাড়া আর কিছু ছিল না। দুষ্কৃতীরা ভেবেছিল কাজল চৌধুরীর ব্যাগে হয়তো টাকা আছে। লুটের উদ্দেশ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার পিছনে অন্য কোনও ব্যক্তিগত কারন আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।”
জগদ্দল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, বাসুদেবপুর রোডে একটি নির্মীয়মান আবাসনের কাজ তদারকি করছেন গুলিবিদ্ধ যুবক। রাস্তায় একটি মুদি দোকানের সামনে যখন ওই যুবক দাঁড়িয়েছিলেন তখনই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। গুলি যুবকের হাতে লাগে। চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যায় বাইকে সওয়ার ২ দুষ্কৃতী।
জখম যুবককে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাঁকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সামনেই নির্বাচন, তার আগে এই ধরনের দুষ্কৃতী দৌরত্বের ঘটনায় আতঙ্কিত এলাকা বাসীরা। সকলেই চাইছেন দ্রুত ধরা পড়ুক অপরাধীরা। জগদ্দল থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে শ্যামনগরের বাসুদেবপুর রোড এলাকায়।

