আমাদের ভারত, ৯ মার্চ:রাজ্য বিধানসভায় বিরোধীদের হট্টগোলে ধুন্ধুমার। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় তুলকালাম কান্ড হলো। মুখ্যমন্ত্রীর ভাষণ শুরু হতেই মোদীর নামে জয়ধ্বনি ও জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিধানসভার চলতি বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্য রাখতে শুরু করতেই হর হর মোদী স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির দাঙ্গা সৃষ্টি করে কিন্তু বাংলায় রয়েল বেঙ্গল টাইগার আছে। বাংলায় হুলিগানিজম চালাচ্ছে বিজেপি। নিজেদের এলাকায় যেতে পারে না আবার বড় বড় কথা।”
এদিন বিধানসভা অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর বিতর্কে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। শাসক এবং বিরোধী দলের জন্য ১ঘন্টা ১৫ মিনিট করে ধার্য করা হয়। তারমধ্যে মুখ্যমন্ত্রীর ভাষণের জন্য নির্ধারিত ছিল ৫০ মিনিট। কিন্তু একেবারে শুরুতেই বিপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুরু করতেই হট্টগোল শুরু করেন বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে মন্তব্য উড়ে আসায় সভায় উত্তেজনা তৈরি হয়। দুজন সাসপেন্ড হওয়া বিধায়কের শাস্তি অধিবেশনের বাকি সময়ের জন্য প্রত্যাহার করার কথা বলেন শুভেন্দু। কিন্তু তাঁর প্রস্তাবে স্পিকার রাজি না হওয়ায় বিরোধী বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর বাজেট বিতর্কতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন বিজেপি বিধায়করা।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর ভাষণে দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি প্রসঙ্গ উত্থাপন করতেই বিজেপি বিধায়করা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। পাল্টা জয় বাংলা স্লোগান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বিধানসভায় এদিন মূলত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। রাজ্য সরকারের দুয়ারে সরকার, দুয়ারে রেশন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। তাঁর কথায় বাংলা উন্নয়নের শিখরে। বাংলা এগোবেই, এভাবে বাংলার উন্নয়ন স্তব্ধ করা যাবে না। তিনি অভিযোগ করেন, বিজেপি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিতে চাইছে। তিনি বলেন, বিজেপির এবার বিশ্রাম নেওয়ার সময় আসছে।
মুখ্যমন্ত্রী ভাষণের পরই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

