কীর্তনের মাঝে ঢুকে পড়লো গোখরো, হুলুস্থূল কান্ড বালুরঘাটের পার্বতীপুরে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ ডিসেম্বর: কীর্তনের মাঝে ঢুকে পড়লো বিষধর গোখরো। হুলুস্থূল কাণ্ড বালুরঘাটে। আতঙ্কে ঘরের মধ্যেই দাপাদাপি শুরু বাসিন্দাদের। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাটের‌ বোয়ালদার অঞ্চলের পার্বতীপুর এলাকার। ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় ছুটে গিয়ে ওই সাপটিকে উদ্ধার করেছেন বালুরঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ। পরে অবশ্য তিনি বিশালাকার ওই গোখরো সাপটিকে নিরাপদ জঙ্গলে ছেড়ে দিয়েছেন।

সাপের ভয় নেই, এমন মানুষ যেন খুঁজে পাওয়াই মুশকিল। তবে প্রতিনিয়ত মানুষের সেবায় জীবনকে বাজি রেখে দিন রাত এক করে বিষধর সাপ ধরে চলেছেন বালুরঘাটের ডাকরার বাসিন্দা সুব্রত ঘোষ।

জানা গেছে, ছেলের বাৎসরিক উপলক্ষ্যে কীর্তন অনুষ্ঠান চলছিল বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকার একটি বাড়িতে। যে সময়ই ঘরের মধ্যে বিশালাকৃতির ওই গোখরো সাপটি ঢুকে পড়ে। যাকে দেখতে পেয়েই আতঙ্কে চিৎকার শুরু করেন কীর্তন করতে আসা লোকজন ও বাড়ির লোকেরা। ছুটে আসে আশপাশের লোকেরাও। যে ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

এদিকে এমন খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌছায় সর্পপ্রেমী সুব্রত ঘোষ ওরফে দেবু দা। যার তৎপরতায় উদ্ধার হয় বিশালাকৃতির বিষধর ওই গোখরোটি। এরপর ওইদিন রাতেই নির্জন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সাপটিকে।

সর্পপ্রেমী সুব্রত ঘোষ বলেন, বিশালাকৃতির গোখরো সাপের খবর পেয়েই এলাকায় ছুটে গিয়ে সাপটিকে উদ্ধার করবার পাশাপাশি তাকে ছেড়ে দেওয়া হয়েছে নির্জন স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *