পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ জুন: গ্রামে মধুচক্র চালানোর অভিযোগে দুই যুবতী সহ চারজনকে আটক করল পুলিশ। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার লস্করের দোলগঞ্জ গ্রামের ঘটনা। এদিন অসামাজিক কাজকর্ম বন্ধ করতে না পারার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান উত্তেজিত বাসিন্দারা। যদিও পরে পুলিশি আশ্বাসে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

পুলিশ জানিয়েছে, পেশায় নার্স এক যুবতী সহ দুই মহিলাকে আটক করা হয়েছে এই ঘটনায়। অপরদিকে এই ঘটনায় আটক করা হয়েছে দুই যুবককেও। অমিত শীল ও বাপন বর্মন নামে ওই দুই যুবক তপন থানার রামচন্দ্রপুর এলাকার বসিন্দা। একই এলাকার ওই যুবতীর সাথে তাদের আটক করে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েকমাস ধরেই লস্করের দোলগঞ্জ গ্রামের বাসিন্দা সৌদুর মণ্ডলের বাড়িতে অসামাজিক কাজকর্ম চলছিল। যে বিষয়টি নিয়ে গ্রামবাসীরা সৌদুরের বাড়িতে কড়া নজর রেখেছিল। এদিন গ্রামবাসীরা ওই বাড়ির উপর চড়াও হলে বাড়ির মালিক সৌদুর মণ্ডল ও তার স্ত্রী নাসবিন পারভিন পালিয়ে যায়। হাতে নাতে দুই মহিলা সহ মোট চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।
প্রতিবেশী এক মহিলা বলেন, বাইরে থেকে ছেলে মেয়েরা এসে এখানে অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল। যাতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছিল। এদিন হাতেনাতে পাকড়াও করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
যদিও তপন থানার পুলিশ জানিয়েছে, চারজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

