দিনের আলোতেই আগুন জ্বলে উঠলো পুরসভার সার্ভার রুম, তুমুল হইচই বালুরঘাটে, ষড়যন্ত্রের অভিযোগ বাম-বিজেপির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ এপ্রিল: দিনের আলোতে পুরসভার সার্ভার রুমে আচমকা আগুন লাগার ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট পুরসভায়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। খোদ নিজের অফিসে আচমকা এমন আগুন লাগার ঘটনা শুনে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রও। যদিও বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে শর্ট সার্কিট থেকেই ওই সার্ভার রুমে আগুন বলে প্রাথমিক তদন্তে দমকল অনুমান করলেও, এই ঘটনার পিছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে বলে একযোগে দাবি করেছে বাম-বিজেপি। তাদের অভিযোগ, বিগত সাত- আট বছর ধরে বালুরঘাট পুরসভায় যে পাহাড় প্রমান দুর্নীতি হয়েছে। তা লোপাট করতেই এই আগুন লাগানোর চক্রান্ত।

এদিকে এই আগুন লাগার ফলে সার্ভার রুমের তথ্য কতটা সঠিক রয়েছে তা নিয়েও যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছে। শুধু তাই নয়, এর জেরে জন্ম মৃত্যুর শংসাপত্র বিভাগের তথ্য নষ্টের আশঙ্কাও করছেন অনেকে। বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসতে জোর তদন্তের দাবি জানিয়ে একযোগে লিখিত অভিযোগ করেছে বাম ও বিজেপি। যদিও চক্রান্তের কথা পুরোপুরি অস্বীকার করেছেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

জানা যায়, শনিবার সকালে হঠাৎই বালুরঘাট পুরসভার সার্ভার রুমের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপরই সামনে আসে আগুন লাগার বিষয়টি। যার জেরে পুড়ে যায় কম্পিউটার সহ অন্যান্য বিদ্যুতের সামগ্রী। তবে আগুন লাগার সময় পুরসভার ভেতরে পুরকর্মীরা কাজ করলেও হতাহতের কোনো খবর নেই। তবে স্বল্প সময়ের ওই আগুনে কি কি ক্ষতি হয়েছে তা এখনো পরিস্কার করেনি পুর কর্তৃপক্ষ। তবে কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ ও বালুরঘাট পুরসভা। তবে এদিন সকালে বালুরঘাট পুরসভাতে এমন আগুন লাগার ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও দমকল কর্মীদের প্রাথমিক তদন্তে অনুমান শট সার্কিট থেকে এসিতে আগুন লাগবার পরেই এমন দুর্ঘটনা।

আগুন নেভাতে আসা এক দমকল কর্মী বলেন, এসির আগুন থেকেই ওই সার্ভার রুমে আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বামেদের তরফে অরিজিৎ চন্দ ও বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, এটা কোনো শট সার্কিটের আগুন নয়। ষড়যন্ত্র করেই পুরসভাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিগত সাত-আট বছর ধরে পুরসভাতে শাসক দল যে লাগামহীন দুর্নীতি করেছে তা লোপাট করতেই এমন চক্রান্ত।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, সার্ভার রুমে আগুন লেগে কি কি ক্ষতি হয়েছে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে এবিষয়ে চক্রান্তের কোনো ব্যাপার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *