রাজেন রায়, কলকাতা, ১৬ ডিসেম্বর: যে কোনও নির্বাচনই হোক, যুদ্ধে এক সূচাগ্র মেদিনী কখনও ছাড়তে রাজি নয় তৃণমূল। আর তাই কলকাতা পুরসভার ভোটেও শহর কাঁপিয়ে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের শেষ মুহূর্তে শীতের শহরের উত্তাপ বাড়াচ্ছেন দু’জন। কর্মীদের উজ্জীবিত করতে পথে নেমেছেন দু’জনেই। একদিকে যেমন যাদবপুর এবং বেহালায় জোড়া নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই উত্তর কলকাতায় হুডখোলা গাড়িতে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই মুহূর্তে একেবারে ঠাসা কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ত্রিপুরা থেকে দিল্লি, গোয়া একের পর এক রাজ্য, মিটিং, সভা করে চলছেন তিনি। তবে বাইরের রাজ্যে ঘাস ফুল ফোটাতে গিয়ে নিজের রাজ্যের প্রতি অবহেলা করছেন না কেউই। গোয়া যাওয়ার আগেই অভিষেক বৈঠক করেছিলেন ১৪৪ জন প্রার্থীকে নিয়ে। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন কর্পোরেশনের ভোট হবে উৎসবের মেজাজে, প্রত্যেক নাগরিক যেন সুষ্ঠ ভাবে নিজের ভোট দিতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে সকলকে, এমনকি বলেছিলেন কেউ এই ভোটে গা জোয়ারি করলে ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে।

এবার একেবারে শেষ লগ্নে প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন তিনি। আজ উত্তর কলকাতার প্রার্থীদের সমর্থনে প্রচার সারছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুরু হয়ে গিয়েছে প্রচার। বড়বাজারের রাজকোটরা থেমে হুড খোলা গাড়িতে চড়ে শুরু করেছেন প্রচার। তারপর প্রার্থীদের সমর্থনে বিপুল জনস্রোত নিয়ে সেই মিছিল ঘুরেছে গোটা উত্তরজুড়ে। চারপাশে মানুষের উচ্ছ্বাস ছিল লক্ষ্য করার মতো।
নির্বাচনী জনসভায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হল এবং দিঘাতে জগন্নাথ মন্দিরের কথা ঘোষণা করেন মমতা। সব মিলিয়ে শেষ লগ্নে বাড়ছে পুরভোটের রাজনৈতিক পারদ।

