স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ মে: গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে সামান্য কমল মৃত্যুর সংখ্যা। সুস্থতার হারও বেড়েছে। তবে, গোটা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও ক্রমশই বাড়ছে সংক্রমিতের সংখ্যা।
দেশজুড়ে তীব্র হয়েছে অক্সিজেনের সংকট৷ ফলে বেশকিছুদিন ধরে হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে রোগীমৃত্যু যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় শয্যাও মিলছে না৷ এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ বলে অভিযোগ উঠেছে। আর এতে করে সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও পরিস্থিতি ক্রমশঃ ঘোরালো হয়ে উঠছে। যদিও রায়গঞ্জ পুর প্রশাসন ইতিমধ্যেই সংক্রমণ রোধে বেশকিছু পদক্ষেপ করেছে। আংশিক লকডাউন কার্যকরী করতে প্রতিদিনই রাস্তায় নামছে পুলিশ।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক চন্দ্র মন্ডল জানিয়েছেন, “জেলায় সরকারী ও সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোমে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। মোট বেড রয়েছে ৫৮৬ টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৭৩ জন। জেলায় এই মুহূর্তে অক্সিজেন সরবরাহের বড় কোনও সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি।জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন কর্নজোড়ায় জেলা যুব আবাসকে সেফ হোম করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯ জন, মৃত্যু হয়েছে ১ জনের। তবে উল্লেখযোগ্য ভাবে সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ২৮৬ জন মানুষ করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে উত্তর দিনাজপুর জেলায় বিশেষ উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ও রায়গঞ্জ পুর প্রশাসন।
একদিকে রায়গঞ্জ শহরে আংশিক লকডাউন সফল করতে যখন রায়গঞ্জে কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করানো হচ্ছে, অপরদিকে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকের মাধ্যমে জনসাধারনের কাছে সচেতনতার বার্তা প্রচার করে চলেছেন।

