ফের ভয় ধরাচ্ছে করোনা! দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা, গত ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ৩৬ হাজার

আমাদের ভারত, ১৮ মার্চ:
ফের ভয় ধরাচ্ছে করোনা। দ্বিতীয় ঢেউ যে আঘাত হেনে ফেলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন প্রায় ৩৬ হাজার মানুষ। অথচ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমে এসেছিল একটা সময়।

করোনার এই বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। করোনা নিয়ন্ত্রণে আগের বারের মতো এবারেও ব্যর্থ ঠাকরের রাজ্য। শুরুতেও এই মারাঠি রাজ্য হটস্পট ছিল করোনার। দেশের অধিকাংশ রাজ্যে যখন কোভিড নিয়ন্ত্রণে ছিল তখনও এই মারণ ভাইরাসকে বাগে আনতে পারেনি মহারাষ্ট্র। আবার নতুন করে মহারাষ্ট্র উদ্বেগ বাড়াচ্ছে।

শেষ ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি। পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রের জন্যই গোটা দেশে পরিসংখ্যান উদ্বেগজনক মনে হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী দেওয়া পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় দেশে ৩৫ হাজার ৮৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। ফলে দেশ মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০৫ জন। আপাতত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২১৬ জন। এর মধ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭২ জন। এই সংখ্যাটা আগের দিনে থেকে সামান্য হলেও কম। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৭৪০ জন, যা আক্রান্তের অর্ধেক। ফলে দেশে মোট অ্যাক্টিভ কেসে এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়ে ২ লক্ষ ৫২ হাজার ৩৬৪। বেশ কয়েকদিন ধরেই নিয়মিত হারে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এখনো পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৬৩ হাজার ২৫ জন সুস্থ হয়েছেন করোনার কবল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *