আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ জুলাই: ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি শহরে আবার করোনায় আক্রান্ত ১৩ জন। আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করল পুর কর্তৃপক্ষ। শহরবাসীকে করোনা নিয়ে সচেতন করতে মাইকিং ও শহরকে আবার জীবাণুমুক্ত করার কাজ শুরু করল পুরসভা। এক সপ্তাহে শহরে করোনায় আক্রান্তের সংখ্যা ত্রিশের গন্ডি ছাড়িয়ে গেল। হুহু করে বাড়ছে সংক্রমণ।
এদিকে আক্রান্তদের বাড়ি ও এলাকা চিহ্নিত করে জীবাণুমুক্ত করার কাজ চলছে। পুর কর্তৃপক্ষ সুত্রে জানা গিয়েছে, কয়েকমাস থেকে করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিন কয়েক আগে থেকে এক দুই করে আক্রান্ত হচ্ছিলেন। গতকাল সাতজন বাসিন্দা নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২৪ ঘণ্টা যেতে না যেতে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। এদিকে শহরের একাধিক বাসিন্দার মুখে মাস্কের দেখা নেই। হাটে বাজারে প্রায় সব জায়গায় মাস্ক ছাড়া বাসিন্দারা যাতায়াত করছেন।
পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “শহরবাসীকে সচেতন হতে হবে। এ দিন নতুন করে ১৩ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হলেন। রাজ্য সরকারের নির্দেশে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

