আমাদের ভারত, ১০ জুলাই: রামকৃষ্ণ মঠ এবং মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই দেশজুড়ে চলা বিতর্কের মধ্যে মা কালীর মাহাত্ম্যের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী নিজের ভাষণে।
রামকৃষ্ণ থেকে বিবেকানন্দের কালী প্রেমের কথা যেমন তিনি তুলে ধরেছেন তেমনই তার নিজের সঙ্গে স্বামী আত্মস্থানন্দ ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মৃতিচারণ করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “রামকৃষ্ণ বলেছিলেন এই সম্পূর্ণ জগত সংসার মায়ের চেতনায় ভরা। ” তিনি মনে করিয়ে দেন, বিবেকানন্দের মত ব্যক্তিত্বও মা কালীর মন্দিরে মূর্তির সামনে শিশুর মতো আচরণ করতেন। মোদী কথায়, মা কালীকে নিয়ে বাংলার মনীষীদের এই বোধ কালীর প্রতি ভক্তি নিষ্ঠাভরে করা বাংলার কালী পুজোতেই দেখা যায়। মোদী বলেন, কালীর আশীর্বাদ সব সময় ভারতের সঙ্গে রয়েছে।
গত কয়েকদিন ধরে বাংলা তথা ভারতীয় রাজনীতিতে বিতর্ক চলছে কালী নামে এক তথ্যচিত্র পোস্টার এবং কালী পুজো নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে। প্রধানমন্ত্রী সরাসরি সেই বিতর্কে ঢোকেননি। কিন্তু মা কালীর স্তুতি করে একরকম ভাবে সেই বিতর্কেরই জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। মোদীর এই মা-কালী স্তুতি পরে তার বক্তব্যকে তুলে ধরে মহুয়ার প্রসঙ্গ টেনে এনেছেন বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে লিখেছেন, মোদী যখন বাংলা তথা গোটা দেশে মা কালী ভক্তির কথা স্মরণ করাছেন তখন বাংলার এক সাংসদ মা-কালীকে অপমান করছেন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেছেন অমিত।
এদিকে রবিবার অমিত মালব্যের ট্যুইটের পর পাল্টা টুইট করেছেন মহুয়া। নিজের বক্তব্যে অনড় থেকে তিনি বলেছেন, “আপনার প্রভুদের বলুন যা নিয়ে কিছু জানেন না তা নিয়ে যেন কথা না বলেন।”

