সাথী দাস, পুরুলিয়া, ২০ ডিসেম্বর: বহুজাতিক সংস্থার স্বার্থে মোবাইল ফোনের রিচার্জ ও ডেটা প্ল্যানের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হল পুরুলিয়ায়। আজ অল ইন্ডিয়া ডিওয়াইও এবং এআইডিএসও যৌথভাবে পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল করে।
স্থানীয় জুবিলি পার্ক থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড, হাটের মোড় হয়ে কোর্ট মোড়ে শেষ হয় প্রতিবাদ মিছিল। এই মিছিলের শেষে সেখানেই একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা সেখানে মোবাইল ফোনের রিচার্জ ও ডেটা প্ল্যানের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, এখন শিক্ষা ব্যবস্থা পুরোপুরি মোবাইল ফোন ও ইন্টারনেটের উপর নির্ভরশীল। সেই কারণে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোনের বেশি টাকার প্ল্যান রিচার্জ করা। অভিভাবকদের একটা বাড়তি খরচ চাপিয়ে দিয়েছে বহুজাতিক সংস্থাগুলো।

বক্তব্য রাখতে গিয়ে এই পরিস্থিতির জন্য অল ইন্ডিয়া ডিওয়াইও’র পুরুলিয়া জেলা সম্পাদক স্বদেশপ্রিয় মাহাত সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকেই তোপ দাগেন। অবিলম্বে এই খরচ ছাত্রদের স্বার্থে কমানোর দাবি তুলে হুঁশিয়ারি দেন ডিএসও’র জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা যশোদা মাহাত। তিনি বলেন, ছাত্র ছাত্রীদের স্বার্থে এই দাবি, কেন্দ্র এতে হস্তক্ষেপ করুক। না হলে অভিভাবকদের সমর্থন নিয়ে বড় আন্দোলনের পথে যাবো আমরা।

