প্রবল বৃষ্টিতে সেবকে গাড়ির ওপর ভেঙ্গে পড়ল পাথরের চাঁই, বরাত জোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা

আমাদের ভারত, দার্জিলিং, ১২ জুন: প্রবল বৃষ্টিতে গাড়ির ওপর ভেঙ্গে পড়ল পাথরের চাঁই। রবিবার সকালে সেবকে ঘটনাটি ঘটেছে। তবে গাড়িটি ফাঁকা থাকায় কেউ আহত হয়নি। শনিবার রাত থেকে একটানা বৃষ্টি চলছেই। ভোরবেলা কিছুটা কমলেও দুপুর থেকে ফের বৃষ্টি শুরু হয়। আর এতেই পাহাড়ে ধসের প্রবণতা বাড়ছে। আগামী ২৪ঘন্টায়ও আরও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

উত্তরে ইতিমধ্যে বর্ষা ঢুকে পড়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছেই পাহাড়-সমতলে৷ আবার বৃষ্টি বাড়তেই পাহাড়ে ধসের সম্ভবনা বেড়েছে। শনিবার রাতভর বৃষ্টির জেরেই এদিন সেবকে একটি বড় পাথরের চাঁই ভেঙ্গে পড়ে। রাস্তার ধারে থাকা একটি গাড়ির ওপর পাথরটি পড়ে। ওই সময় যাত্রীরা সেবক কালিবাড়িতে পুজো দিতে যাওয়ায় প্রাণে রক্ষা পায়। এদিকে পাথর পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। রাস্তা খানিকক্ষণ বন্ধও থাকে। পরে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করার পাশাপাশি পাথর সরিয়ে দেয়। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

এবিষয়ে জেলাশাসক এস পুন্নমবলম বলেন, “ধস নামেনি তবে একটি পাথর ভেঙ্গে পড়ে। বৃষ্টির কারণেই হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে ধস মোকাবিলায় আমরা তৈরি রয়েছি।”

উত্তরে পাহাড় থেকে সমতলে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। কখনও বেশি কখনও কম। কিন্তু পাহাড়ি রাস্তায় বৃষ্টি পড়াতেই ধসের সম্ভবনা বেড়ে চলছে। সম্প্রতি কালিম্পং জেলায় ধস নেমেছিল। যদিও সেটাও খুব বড় ছিলো না। এদিন আবার সেবকে পাথর ভেঙ্গে পড়ল।

এপ্রসঙ্গে সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপিনাথ রাহা বলেন, “বর্ষা চলছে তাই বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছেই। তবে পাশাপাশি পাহাড়ে ধস পড়ার সম্ভবনাও রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *