চতুর্থ দফায় আলিপুরদুয়ারে ৫টি বিধানসভা আসনে ৪২জন প্রার্থী লড়াই করছেন, নিরাপত্তায় ৯৮কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৯ এপ্রিল: রাজ্যে চতুর্থ দফায় তথা উত্তরবঙ্গে প্রথম পর্যায়ে শনিবার আলিপুরদুয়ার জেলার ৫টি বিধানসভায় নির্বাচন হতে চলেছে। টানটান উত্তেজনার মধ্যে আলিপুরদুয়ার, কালচিনি, মাদারিহাট, ফালাকাটা মিলিয়ে ৫টি বিধানসভায় মোট ৪২জন প্রার্থী ভোটের লড়ায়ের ময়দানে থাকছেন।

আলিপুরদুয়ারে এবার মোট ভোটার ১২ লক্ষ ৪৪ হাজার ৩৫১ জন। এরমধ্যে মহিলা ভোটার রয়েছেন ৬লক্ষ ১৭হাজার ৩৬৫জন। পুরুষ ভোটার ৬লক্ষ ২৬হাজার ৯৪৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৩জন। এদিকে জেলা প্রসাশনের তরফে জানা গেছে, জেলার মোট বুথ রয়েছে ১৭২৬টি। পাশাপাশি জলপাইগুড়ি জেলায় থাকা ৮৩টি বুথ যেগুলি মাদারিহাট বিধানসভার মধ্যে রয়েছে সেগুলোতেও শনিবার ভোট গ্রহন করা হবে। জেলায় মোট মহিলা পরিচালিত ভোটগ্রহন কেন্দ্রের সংখ্যা রয়েছে ২৯৩টি।

জানা গেছে, জেলায় ১১৮টি বুথ বনবস্তী ও জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে। এবার জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা রয়েছে প্রায় ৩৫০টি। ভোট কর্মী রয়েছেন প্রায় ৭হাজার জন। জেলায় সুষ্ঠভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০০০জন রাজ্য পুলিসের সদস্য ছাড়াও এবার জেলায় ৯৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একইসাথে জেলার একটি বড় অংশে জঙ্গলে ঘেরা থাকায় মোতায়েন রয়েছেন বনকর্মীরা।

এদিকে জেলার পাঁচটা আসনে শান্তিপুর্নভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে শুক্রবার সকাল থেকেই নিরাপত্তা বাহিনী এবং ভোটকর্মীরা রওনা দিয়েছেন ৫টি বিধানসভার বিভিন্ন এলাকায়। পুরুষদের সাথে এবার প্রথমবার মহিলা ভোটকর্মীরাও ভোটগ্রহন করতে পৌছে গেছেন ভোটগ্রহন কেন্দ্রগুলিতে। অন্যদিকে জেলার সিংহভাগ আসনে বিজেপি,তৃণমূল কংগ্রেস এবং বাম সংযুক্ত মোর্চার মধ্যেই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকছে। তবে নির্দল প্রার্থীদের নিয়ে জেলায় জোর জল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *