আমাদের ভারত, পুর্ব মেদিনীপুর, ১৫ মার্চ: বিজেপি শিক্ষা সেলের উদ্যোগে আজ তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধের মাঠে তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলা নিয়ে একটি যোগদান মেলার আয়োজন করা হয়। এই যোগদান মেলার মূল বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। এই সভায় জেলার বেশকিছু শিক্ষক বিজেপিতে যোগদান করেন।
জেলার শিক্ষক নেতাদের উদ্যোগেই আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকরা শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগদান করেন। এই শিক্ষকদের বেশিরভাগই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এই যোগদান অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক এবং তমলুক বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার হরেকৃষ্ণ বেরা। এছাড়াও বেশ কিছু শিক্ষক নেতা উপস্থিত ছিলেন এই যোগদান মেলায়।
মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের বলেন, শুধু শিক্ষক সংগঠন করে থেমে থাকলে চলবে না। সামনের বিধানসভা নির্বাচনে নিজের এলাকার বুথে বুথে গিয়ে মানুষকে বুঝিয়ে ভোট দেওয়ার কথা বলতে হবে বিজেপির পক্ষে। যাতে প্রত্যেকটি প্রত্যেকটি বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থীরা জয়লাভ করে।
শুভেন্দু অধিকারী আরো বলেন স্কুলের ছাত্রদের সরকারের দেওয়া বুট, জামা থেকে শুরু করে সাইকেল প্রত্যেকটিতেই কাট মানি নিয়েছে তৃণমূল সরকার। বিজেপিকে জয়লাভ করিয়ে সেই সব কাটমানির ব্যবস্থা বন্ধ করতে হবে।
বিজেপি সরকারে এলে প্রত্যেক বছর টেক, নেট এর মতো পরীক্ষাগুলি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

