পুজোর মুখে চোপড়ার চা ফ্যাক্টরি শ্রমিকদের বোনাসের সভা ভেস্তে গেল, হতাশ শ্রমিকরা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ অক্টোবর: পুজোর মুখে চোপড়ার চা ফ্যাক্টরি শ্রমিকদের বোনাসের সভা ভেস্তে যাওয়ায় নিরাশ শ্রমিকেরা। গতকাল TIPA তে বটলিফ ফ্যাক্টরির মালিকদের নিয়ে শ্রমিক সংগঠনের পূজার বোনাসের মিটিং ভেস্তে যাওয়ায়, শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বটলিফ ফ্যাক্টরির সামনে শ্রমিকদের বিক্ষোভ দেখাতে দেখা যায়। গেট মিটিংয়ের মধ্যে দিয়ে এদিন তারা ঘন্টাখানেক প্রতীকি বিক্ষোভ প্রদর্শন করে।

শুক্রবার সকালে রায়বাড়ি চা ফ্যাক্টরি, দাসপাড়া, কৈলাশগিড়ি চা ফ্যাক্টরি সহ বেশ কয়েকটি ফ্যাক্টরির সামনে শ্রমিকরা এই বিক্ষোভ প্রদর্শনে শামিল হয়। তৃণমূল কংগ্রেস চা বাগান মজদুর ইউনিয়নের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক কালু সিংহ বলেন, গত ৭ অক্টোবর টেরাই ইন্ডিয়ান প্লান্টার্স অ্যাসোসিয়েশন এর অফিসে উত্তর দিনাজপুরের ৩৭ টি বটলিফ ফ্যাক্টরির মালিক, শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মকর্তাদের নিয়ে এ বছরের পুজোর বোনাস নিয়ে আলোচনা সভার সময় ধার্য হয়। কিন্তু একটি মাত্র ফ্যাক্টরির ম্যানেজার ছাড়া অন্য কোনও মালিকপক্ষ এই সভায় উপস্থিত না থাকায় বোনাস নিয়ে সভা ভেস্তে যায়।

তারপর থেকেই শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। কিভাবে তারা এই সংকটের মুহূর্তে উৎসবে শামিল হবেন সেই আশঙ্কায় প্রহর গুনছিলেন। মিটিং ভেস্তে যাওয়ায় আজ সকাল থেকেই তারা বিক্ষোভে শামিল হয়েছেন। শ্রমিকদের দাবি অবিলম্বে কুড়ি শতাংশ হারে বোনাস দেওয়া হোক। অন্যথায় তারা কাজ বন্ধ করে দিয়ে ফ্যাক্টরির গেটে তালা লাগিয়ে ধর্নায় বসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *