কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কল্যা গ্রামের মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কল্যা খুড়শি গ্রামের মাঠের মাঝখানে শিলাবতী নদী লাগোয়া এলাকায় গ্রামের মানুষজন জমিতে ফসল আনতে গিয়ে দেখেন নদীর পাড়ে গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম। পঞ্চায়েত ভোটের কারণেই এই বোমা মজুদ করা হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানাগেছে। স্থানীয় লোকজন বোমা তৈরির সরঞ্জামগুলি দেখার পরে পুলিশে খবর দিলে চন্দ্রকোনা থানার পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।

চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কল্লা খুড়শি এবং কৃষ্ণপুর এলাকায় বেশ কিছুদিন ধরেই শাসক দলের সাথে বিরোধী দল এবং নির্দল প্রার্থীদের মধ্যে গন্ডগোল বাধছে। এলাকায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। তারপর আজ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হবার পরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

