নির্বাচনের দোরগোড়াতেও বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দক্ষিণ দিনাজপুরে, কংগ্রেসকে কুমারগঞ্জ ছাড়া নিয়ে বিক্ষোভ সিপিএমের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ মার্চ: বিধানসভা নির্বাচনের দোরগোড়াতেও বাম কংগ্রেস জোট নিয়ে চরম অস্বস্তি দক্ষিণ দিনাজপুরে। ছয়টি আসনের মধ্যে এবারের নির্বাচনে জেলায় তিনটে আসন আরএসপি এবং সিপিএম দুটো নিলেও কংগ্রেসের জন্য একটি মাত্র আসন কুমারগঞ্জ বরাদ্দ করা হয়। গঙ্গারামপুরে ২০১৬-র জেতা আসনে কংগ্রেসকে সিট না ছেড়ে সেখানে সিপিএম তাদের প্রার্থী নন্দলাল হাজরাকে দাঁড় করিয়েছেন। কিন্তু কুমারগঞ্জ আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে বামফ্রন্ট। সেখানে কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা না করলেও বৃহস্পতিবার আচমকা এলাকায় মাইকিং করে ঘটনার প্রতিবাদ করেন সিপিএম নেতৃত্বরা। কুমারগঞ্জ আসন কংগ্রেসকে কোনও ভাবেই ছাড়তে রাজি নয় সিপিএম। এদিকে বামফ্রন্টের এমন আচরণে কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন কংগ্রেসের একাংশ নেতারাও। তাদের দাবি, এমনটা হলে জেলার বেশকিছু আসনে তারাও আলাদাভাবে প্রার্থী দেবেন। আর যার জেরেই নির্বাচনের প্রাক মুহুর্তে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরী হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে। এদিকে এই ঘটনাকে ঘিরে জোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। সিপিএমের সুশৃঙ্খল বিদ্রোহী মিছিল চলছে কুমারগঞ্জে, এমন ক্যাপশন করে ভিডিও ছাড়তেও পিছপা হননি বিজেপি নেতৃত্বরা। যাকে ঘিরে জোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের মুখে পড়েছে বাম-কংগ্রেস।

জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরী জানিয়েছেন, কুমারগঞ্জ আসনটি কংগ্রেস পেয়েছে। তবে তা নিয়ে সিপিএমের বিক্ষোভের মিছিলটি তাদের জানা নেই। সংবাদমাধ্যমের কাছেই শুনেছেন। তাই যতক্ষন পর্যন্ত এব্যাপারটি তারা নিজেরা চাক্ষুষ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা এব্যাপারে কিছুই মন্তব্য করবেন না।

সিপিএমের জেলা কমিটির সদস্য অচিন্ত্য চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি তাদের জানা নেই। তবে জোটের হিসাবে কুমারগঞ্জ আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *