আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ মে: বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কারখানার বাইরে কান্নায় ভেঙ্গে পড়লেন নিখোঁজ ৪ কর্মীর পরিবারের সদস্যরা। কারখানার ভেতরে আগুন নেভানোর জন্য আনা হয় অত্যাধুনিক প্রযুক্তির রোবোট ও জেসিবি।
বুধবার গভীর রাতে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন কর্মী কারখানার ভেতর আটকে রয়েছে বলে দাবি করেন কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা গড়াতেই ওই অভিশপ্ত কারখানার সামনে ভিড় করতে থাকেন অগ্নিকান্ডে নিখোঁজ হওয়া ওই চার কর্মীর পরিবারের আত্মীয়রা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার অ্যাসিস্টেন্ট ম্যানেজার সুব্রত ঘোষ( ৩২), স্বরূপ ঘোষ, আম ডাঙার বাসিন্দা তন্ময় ঘোষ সহ আরও এক কর্মী নিখোঁজ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনার কাজ করলেও এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কারখানার ভেতরে ঢুকতে পারছেন না দমকল কর্মীরা ফলে ভেতরে কেউ আটকে আছেন কি না তাও বোঝা সম্ভব হচ্ছে না। কারখানার ভেতরের আগুন নেভানোর জন্য আনা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবোট। সেই সঙ্গে কারখানার ভেতরে ঢুকে কর্মীদের খোঁজ করবার জন্য কারখানার একাংলশ ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়েছে। এর জন্য নিয়ে আসা হয়েছে জেসিবি।

