স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ ডিসেম্বর: পাড়ায় চায়ের দোকানে ধারালো অস্ত্রের কোপে খুন তৃণমূল কর্মী। মৃত ঐ তৃণমূল কর্মীর নাম জাহানদার শেখ। সন্ধ্যায় বাড়ি থেকে পাশের গ্রামে লক্ষ্মী গাছা বাস স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, তখনই একদল দুষ্কৃতী পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। মৃত তৃণমূল কর্মীর বাড়ি চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামে। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।

পরিবারের দাবি ১০ দিন আগে ঐ তৃণমূল কর্মীকে খুন করা হতে পারে এমন সম্ভাবনার কথা পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল চাপড়া থানার পুলিশকে। কিন্তু বিষয়টি জানাবার পরেও আজ প্রকাশ্যে চায়ের দোকানে তাকে ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করায় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাজার এলাকার ভিতরে এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন তাদের নিরাপত্তা নিয়ে।


