আমাদের ভারত, ২৫ ফেব্রুয়ারি: রাজ্যের মুখ্যসচিব ‘ভুল হয়ে গেছে’ বলে স্বীকার করায় শেষ পর্যন্ত দিনেদুপুরেই বিধানসভা অধিবেশনের ‘অনুমতি’ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
এই অধিবেশন শুরুর জন্য রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সেটিতে আইনমাফিক রাজ্যপালের লিখিত সায় প্রয়োজন। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত না নিয়েই ক‘দিন আগে রাজ্য ঘোষণা করে দিয়েছিল ৭ মার্চ বিধানসভা অধিবেশন হবে। রাজ্যপাল আইনি ব্যাখ্যা দিয়ে তার প্রতিবাদ জানান।
এর পর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু ওই প্রস্তাবে বেলা ২ টোর (পি এম) বদলে রাত ২টো-র (এ এম) উল্লেখ ছিল। রাজ্যপাল এ ব্যাপারে কথা বলতে বৃহস্পতিবার দিনের প্রথমার্দ্ধে রাজভবনে মুখ্যসচিবকে ডেকে পাঠান। মুখ্যসচিব না যাওয়ায় রাজ্যপাল প্রকাশ্যে ঘোষণা করে দেন, রাজ্যের প্রস্তাব মেনে ৭ মার্চ গভীর রাতেই (টু এ এম) অধিবেশনের অনুমতি দেওয়া হল। বিষয়টি নিয়ে হইচই শুরু হয়।
এর পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, “রাজ্যপাল আমাদের কাউকে বললেই পারতেন” বলে পরোক্ষে রাজ্যপালের ওপর উষ্মা প্রকাশ করেন। সন্ধ্যায় খোদ মুখ্যমন্ত্রী ‘পিএম- এর বদলে এএম হয়ে গেছে’ বলে ভুলের কথা স্বীকার করেন। নবান্ন থেকে সরকারিভাবে মুখ্যসচিবকে সঠিক নথি পাঠানো হয় রাজভবনের অনুমতির জন্য। শুক্রবার সকালে রাজ্যের এজি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেন। তার পর রাজ্যপাল টুইটারে জানান, ৭ মার্চ দুপুরে অধিবেশনের অনুমতি দেওয়া হল।

