স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ জুন: এক নির্দল প্রার্থীর বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়। চাকুলিয়া ব্লকের নিজামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ভাগলপুর এলাকার বাসিন্দা আসিফ ইকবাল এবারে পঞ্চায়েত নির্বাচনে ভাগলপুর সংসদের আসনে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। সেই আক্রোশেই রবিবার গভীর রাতে কে বা কারা তার ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
আগুনের ধোঁয়া ও তাপে ঘুম ভেঙ্গে যায় আসিফ ইকবালের। ততক্ষণে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এরপর তড়িঘড়ি স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসেন তিনি৷ অগ্নিকান্ডে বাড়ির অধিকাংশ জিনিসপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার পুলিশ।

আসিফ ইকবাল জানিয়েছেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ভোট প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাতে হয়ত বিচলিত কেউ কেউ৷ সেই কারণেই কেউ বা কারা তাকে পুড়িয়ে মারার ছক কষেছিল। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের অভিযোগ রাজ্য জুড়েই। কোথাও আক্রান্ত বিজেপি, কোথাও আক্রান্ত বাম-কংগ্রেস। নির্দলরাও রেহাই পেল না আক্রমণের হাত থেকে। বেলাগাম সন্ত্রাসে নির্বাচন কমিশন কি আদৌ লাগাম পড়াতে পারবেন নাকি অব্যাহত থাকবে তা সময়ই বলবে।

