মেদিনীপুরের দাসপুরে শুভেন্দু অধিকারীর জনসভার পাল্টা সভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে বেইমান বললেন মানস ভুঁইঞা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: মেদিনীপুর জেলার দাসপুরের সোনাখালী হাই স্কুল ময়দানে শুভেন্দু অধিকারীর জনসভার পরেই পাল্টা সভা করল তৃণমূল। জনসভায় এসে রাজ্যের বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞাও মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেন। শুভেন্দু অধিকারীর নাম করে তাকে বেইমান বলে উল্লেখ করেন তিনি। এবং বেইমানদের সকলের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান।

এদিনের সভায় সবুজ সাথী ও লক্ষ্মীর ভান্ডার-সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেইমান বলে কটাক্ষ করেন। ইডি ও সিবিআইকে নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি।

ঘাটাল মহকুমার দাসপুর দু’নম্বর ব্লকের সভাপতি সৌমিত্র সিংহ রায় যার নাম করে শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাকরি দুর্নীতির কথা বলেন, সেই নব নিযুক্ত ব্লক সভাপতি সভায় বক্তব্যে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, তিনি ২০১০ সালে চাকরি পেয়েছেন এবং ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কুৎসা রটানোর অভিযোগ করেন দাসপুর ২ ব্লকের নব নিযুক্ত ব্লক সভাপতি।

এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন দাসপুর বিধানসভার বিধায়িকা মমতা ভুঁইঞা, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীশ হুদাইত, সহ দাসপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *