সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ জানুয়ারি: বছরের শুরুতেই হাতির হানায় প্রাণ গেল দুজনের।গতকাল রাতে পৃথক পৃথক ভাবে দুটি গ্ৰামে হাতির হানায় দু’জনের মৃত্যু হয়। এই ঘটনার পর বড়জোড়া- বেলিয়াতোড় রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। জনরোষ ঠেকাতে আজ সকালেই তড়িঘড়ি বৈঠকে বসেন জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তিরা।

বেলিয়াতোড় বন দপ্তরের অতিথি আবাসে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য বন আধিকারিক এস কুলানডাইভাল, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, সদর মহকুমা শাসক, বড়জোড়ার বিডিও, বেলিয়াতোড়, বড়জোড়া ও বাঁকুড়া সদর এই তিন থানার আইসি উপস্থিত ছিলেন। হাতির হানা এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোনামুখী, বেলিয়াতোড় বনাঞ্চলে হাতিদের গতিবিধি লক্ষ্য রাখতে পুলিশের সহযোগিতায় বনকর্মীদের বিশেষ টিম গঠন ও মাইকিং করে হাতিদের গতিবিধি জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সময় রাতে বনের ভিতর যাতায়াত বন্ধ রাখা ও বড়জোড়া শিল্পতালুকে কর্মরত কর্মীদের হাতি উপদ্রুত এলাকায় রাতে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন তারা। এবিষয়ে শিল্পতালুকের কর্তৃপক্ষকে বিশেষ নজর দেওয়ার আবেদন জানানো হয়। বৈঠক শেষে বন আধিকারিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।

