পাখি মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের বকুলতলা মোড় সংলগ্ন এলাকায়, উদ্বেগে স্থানীয়রা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ নভেম্বর: পাখি মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বকুলতলা মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ওই এলাকার বৈদ্যুতিক খুঁটিতে পাখি বসলেই পাখির মৃত্যু হয়। শুরুতে পাখি মৃত্যুর সংখ্যা কম হলেও বর্তমান সময়ে তা ক্রমশ বেড়েই চলেছে। ফলে চিন্তার ভাঁজ পড়েছে এলাকার সচেতন ব্যবসায়ীদের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বিদ্যুৎ দপ্তরে পাখি মৃত্যুর ঘটনা বিভিন্নভাবে জানানো সত্ত্বেও বিদ্যুৎ দপ্তর এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে মৃত পাখিগুলি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। ঘটনার খবর পেয়ে শুক্রবার রায়গঞ্জের এক পশুপ্রেমী সংস্থার সদস্যরা ওই এলাকায় গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেয়। পাশাপাশি মৃত পাখিগুলি সংগ্রহ করে বনদপ্তরে নিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী গৌড় কর্মকার বলেন, বেশ কিছুদিন ধরেই পাখি মৃত্যুর ঘটনা ঘটছে। প্রথমে সংখ্যায় কম হলেও বর্তমানে পাখি মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এবং এই কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধানের কথা বলেন তিনি।

স্থানীয় অপর ব্যবসায়ী কমল সরকার বলেন, একটি বৈদ্যুতিক খুঁটিতে, বৈদ্যুতিক তারে পাখি বসলেই পাখি মারা যায়। ঘটনার কথা বারংবার বিদ্যুৎ দপ্তরে জানানো সত্ত্বেও তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না।

অন্যদিকে পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, ঘটনার খবর পেয়ে তারা পাখিগুলির মৃতদেহ সংগ্রহ করে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার পাশাপাশি পাখিগুলির ময়না তদন্তের ব্যবস্থা করা হবে। তাতে বোঝা যাবে যে কি কারণে পাখি গুলির মৃত্যু হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি।

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, “ঘটনার খবর পেয়েছি, বিদ্যুৎ দপ্তরকে বলব দ্রুত এর ব্যবস্থা নিতে।”

তবে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *