প্রচুর সরকারি সম্পত্তির ক্ষতি! অগ্নিপথ বিরোধী আন্দোলনে শুধু বিহারেই রেলের ২০০ কোটির ক্ষতি, পুড়ে ছাই ট্রেনের ৫০টি কামরা ও ৫টি ইঞ্জিন

আমাদের ভারত, ১৮ জুন: দেশের তেরোটি রাজ্যে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের আগুন জ্বলছে। উত্তপ্ত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক পরিস্থিতি বিহার ও উত্তরপ্রদেশে। শুধুমাত্র বিহারেই বিক্ষোভকারীদের তাণ্ডবের ফলে ২০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে রেলের। পুড়েছে ৫০টি কামড়া ও ৫টি ইঞ্জিন।

অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়েছে বিহার। ছাপড়া, নওদা, বক্সার, বেগুসারাই, মুঙ্গের, আরা জেহানাবাদের মত এলাকায় বিক্ষোভ হয়েছে। রেল ছাড়াও অবরুদ্ধ থেকেছে জাতীয় সড়ক। টায়ার জ্বালিয়ে পাথর ছুড়ে গাড়ি ও ট্রেন ভাঙ্গচুর করেছে অবরোধকারীরা। বৃহস্পতিবার ছাপড়ায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। দানাপুর রেল ডিভিশনের ডিআরএম প্রভাত কুমার জানান, ট্রেনের পঞ্চাশটি কামড়া ও পাঁচটি ইঞ্জিন পুরোপুরিভাবে ভস্মীভূত। স্টেশন চত্বর ও অফিসে ভাঙ্গচুর চালানো হয়েছে। হিংসাত্মক ঘটনায় সব মিলিয়ে শুধু বিহারেই রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকার সম্পত্তি।

শনিবার সকালে বিহারের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখানো হয়। রেল সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে। দানাপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার অভিনব ধিমান জানিয়েছেন, প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করেছেন বিক্ষোভকারীরা। যারাই ভাঙ্গচুর এবং আগুন লাগার ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৮০ জন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। অন্যদিকে পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে আরও একটি রেল স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এছাড়াও বিক্ষোভকারীরা বেশ কয়েকটি মোটরবাইকে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে খবর। জেহানাবাদ থেকে ১২ জন বিক্ষোভকারীকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। মুঙ্গেরের তারাপুর সুলতানগঞ্জের বিক্ষোভকারীরা বিডিও’র গাড়ি পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *