আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ আগস্ট: মঙ্গলবার গোটা দেশ জুড়ে পালিত হল শুভ জন্মাষ্টমী উৎসব। তবে এবছর দেশের অন্যান্য স্থানের মত জন্মাষ্টমীতে কোনও আড়ম্বর নেই উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জের ঝুলনতলা এলাকায়। ব্রিটিশ আমল থেকে ইছাপুর নবাবগঞ্জ ঝুলনতলায় ঝুলন মেলার আয়োজন হয়ে আসছে। তবে ১৮০ বছরের ইতিহাসে এই প্রথম ঝুলন মেলা হল না, উৎসবে ভাটা পড়ল এবছর। করোনা মহামারীর কবলে পড়ে চলতি বছরে বন্ধ রইল ইছাপুর নবাবগঞ্জ ঝুলনতলার জন্মাষ্টমী উৎসব ও ঝুলন মেলা। প্রশাসনের নির্দেশে এবছর সব আড়ম্বর বন্ধ হয়ে গেল জন্মাষ্টমী উৎসবের।

ঝুলন তলায় জন্মাষ্টমী পুজো দেখারও ভিড় ছিল না নবাব গঞ্জের ঝুলন বাড়িতে। ১৮০ বছরের ইতিহাসে ২০২০ সাল যেন মন খারাপের বছর হয়ে থেকে গেল ঝুলনতলার বাসিন্দাদের কাছে। মঙ্গলবার স্থানীয়রা সকলেই প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দী ছিলেন, গুটি কয়েক এলাকাবাসী পুজো দিতে এসেছিলেন ঝুলন বাড়িতে।

মন্দিরের প্রধান পুরোহিত বুদ্ধদেব মিশ্র বললেন, “ইছাপুর নবাবগঞ্জের ঝুলন মেলা ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিখ্যাত মেলা। প্রত্যেক বছর ঝুলন ও জন্মাষ্টমী উপলক্ষে ১৫ দিন মেলার আয়োজন করা হয়। এবছর সব বন্ধ। অন্যান্য বছরে দূরদূরান্ত থেকে শ্রীকৃষ্ণের ভক্তরা এই ঠাকুর বাড়িতে এসে ৪/৫ দিন থাকত। সকলে রান্না বান্না, খাওয়া দাওয়া করত। এবছর কেউ আসেনি। করোনা সচেতনতায় এবছর ধুমধাম, উৎসব, অনুষ্ঠান সবই প্রশাসনের নির্দেশে বন্ধ রাখা হয়েছে।” মঙ্গলবার ঠাকুর বাড়িতে ছিল শুধুই নিস্তব্ধতা। আলো দিয়ে সাজানো হয়নি ঠাকুর বাড়িকে। জন্মাষ্টমীতে ভক্তদের একটাই প্রার্থনা শ্রীকৃষ্ণের কাছে, পৃথিবীর বুক থেকে সরে যাক এই করোনা রোগের কালো ছায়া।

