আমাদের ভারত, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: শুক্রবার বামপড়ুয়াদের মিছিল জোর করে ভেঙ্গে দেয় পুলিশ। এ নিয়ে রাসবিহারী মোড়ে উত্তেজনা দেখা দেয়। আনিস কান্ডের প্রতিবাদ জানাতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল।
‘আনিস খুনের শাস্তি চাই’, ‘খুনি পুলিশের শাস্তি চাই’— এই শ্লোগানে এ দিন রাসবিহারী মোড় থেকে দুপুরে ‘ভবানীভবন চলো’ নামে ধিক্কার মিছিলের ডাক দিয়েছিল পড়ুয়াদের চারটি বাম সংগঠন। এসএফআই, এআইএসএফ, পিএসইউ এবং এআইএসবি’র পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের বেশ কয়েকশো সমর্থক এই মিছিলের ডাক দেয়। রাজ্য পুলিশের ভূমিকার প্রতিবাদে নানা শ্লোগান-সহ ব্যানার ও প্ল্যাকার্ড ছিল প্রতিবাদীদের হাতে।
তাঁদের অন্যতম প্রেসিডেন্সির ছাত্রনেতা দেবনীল পাল জানান, “পুলিশ আমাদের মিছিল করতেই দেয়নি। গ্রেফতার করে আগেই। টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে লালবাজার নিয়ে যায় সবাইকে। প্রেসিডেন্সি থেকে আমি, অরণ্য, কৌশিকী গ্রেফতার হয়েছি। রাজ্যের লিডারশিপ এরেস্টেড। ময়ূখ দা, সৃজন দা, শুভজিত দা, দেবাঞ্জন দা, আতিফ দা, রৌদ্র দা, বর্ণনা দি সহ অনেকে গ্রেফতার।
যারা এখানে ছিল, তারা ক্যাম্পাসে ফিরছে। যারা আসেনি তারা ক্যাম্পাসে ব্যানার-পোস্টার লিখছে। বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে, এলাকায় এলাকায়। পারলে কুশপুতুল পোড়াবে মমতা ব্যানার্জির, পুলিশ মন্ত্রীর। ক্যাম্পাসের ভেতর মিছিল করে বাইরে কুশপুতুল জ্বালাবে, পথ অবরোধ করবে।”

