দক্ষিণ দিনাজপুরে খোদ তৃণমূল সভাপতির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, বিধায়কের পদ ব্যবহার করে জিনিসপত্র বিলি গৌতম দাসের, অভিযোগ বিজেপির

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ মার্চ: দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী বিধিভঙের অভিযোগ খোদ তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধেই। ভোটের মুখে সরকারি পদের ব্যবহার করে সুবিধা কুড়াবার অভিযোগও উঠেছে তৃণমূল প্রার্থী তথা গঙ্গারামপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়ে সরব হয়েছে বিজেপিও। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার প্রার্থী গৌতম দাস সাহায্যের নামে নিজের দলের প্রচার করেছেন বলে অভিযোগ বিজেপির।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের বলিপুকুর এলাকায় বেশকিছু বাড়ি আগুনে ভস্মীভূত হয়। অভিযোগ ভোটের মুখে এই সুযোগকে হাতছাড়া করতে চায়নি তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি গৌতম দাস। শুক্রবার সকালে সাহায্য হিসাবে চাল, ডাল, জামা কাপড় সহ বিভিন্ন সামগ্রী পরিবারগুলির হাতে তুলে দিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা হয়েছে বলে অভিযোগ। নির্বাচনের আগে নিজেদের আইটি সেলকে ব্যবহার করে মাইলেজ নিতে চাইছে তৃণমূল বলেও অভিযোগ বিজেপির। আর এমন ঘটনার ছবি স্ক্রিনশট করে নির্বাচন দপ্তরে অভিযোগ করেছে বিজেপির টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন, যা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা দক্ষিন দিনাজপুর জেলায়।

সুমন বর্মন জানিয়েছেন, সরকারি পদকে ব্যবহার করে সাহায্যের নামে এমন কাজ মেনে নেওয়া যায় না। নির্বাচনী বিধি ভেঙে ত্রাণ বিলি করে দলের প্রচার সেরেছেন ওই তৃণমূল নেতা। বিষয়টি জানিয়ে নির্বাচন দপ্তরে অভিযোগ করেছেন।

যদিও তৃণমূলের জেলা কো’অর্ডিনেটর সুভাষ চাকী জানিয়েছেন, এমন কোনও নিয়ম নেই জনপ্রতিনিধি সাধারণ মানুষকে সাহায্য করতে পারে না। এক্ষেত্রে কোনও নির্বাচন বিধি ভাঙা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *